০২ নভেম্বর, ২০২৫
ষাটে পা রেখেছেন শাহরুখ খান। এ নিয়ে বলিউডে যেন বসেছে ছাঁদের হাঁট। কিং খানের জন্মদিন ছুঁয়ে গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জন্মদিনের প্রথম প্রহরেই শাহরুখককে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ দিনে শাহরুখকে রাত ১২টার ঠিক এক মিনিট আগে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন মমতা। সেখানে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ভাই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার অনবদ্য প্রতিভা এবং করিশমা দিয়ে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করে যাও।’
জন্মদিনের প্রথম প্রহর থেকেই ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন শাহরুখ। সহকর্মীরাও জানাচ্ছেন উষ্ণ অভিনন্দন। এরইমধ্যে দিল্লি, কলকাতা, দুবাই, দক্ষিণ ভারত ছাড়াও ভারতের বাইরে থেকে বহু ভক্ত ভিড় জমিয়েছেন মুম্বাইয়ে।
এদিকে নিজের জন্মদিনে শাহরুখ প্রকাশ্যে এনেছেন তার নতুন সিনেমা ‘কিং’ -এর টিজার। যেখানে নতুন লুকে দেখা গেছে তাকে। এক মাথা কাঁচাপাকা চুল, আগ্রাসী ভঙ্গিতে কিং খানকে দেখে অবাক নেটিজেনরা।
‘কিং’ পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়ে ফের শাহরুখের সঙ্গে মিলছেন সিদ্ধার্থ আনন্দ। এই জুটির ম্যাজিক পাঠান সিনেমায় ভালোভাবে উপভোগ করেছেন দর্শক। তাই উত্তেজনার মাত্রা স্বাভাবিকভাবেই বেশি।