কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ১০৬ বস্তা সরকারি সার জব্দ

০৫ নভেম্বর, ২০২৫

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে মজুদ করা ১০৬ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে মোশারফ হোসেন বাবু নামে এক কীটনাশক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, রানীশিমুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুজা ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, ডিলারদের কাছ থেকে সরকারি সার সংগ্রহ করে বেশি দামে কৃষকদের কাছে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেন মোশারফ হোসেন বাবু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে বিএডিসির ৬৬ বস্তা এমওপি ও ৪০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। জব্দকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, অবৈধভাবে সরকারি সার মজুদের ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।