স্বাস্থ্য সচেতনতায় খুলনায় সাইকেল র‌্যালি

০৮ নভেম্বর, ২০২৫

নগরবাসীর নিয়মিত শারীরিক পরিশ্রমে উৎসাহ প্রদান ও স্বাস্থ্যকর জীবনধারায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনায় অনুষ্ঠিত হয়েছে সাইকেল র‌্যালি।

শুক্রবার(৭ নভেম্বর) বিকেলে সার্কিট হাউজ চত্বর থেকে এ র‌্যালির উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক ও প্রোটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কারিগরি সহযোগিতায় ও খুলনা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘হেলদি সিটিজ: আরবান গভর্ন্যান্স ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং ইন খুলনা সিটি করপোরেশন’ প্রকল্পের আওতায় এ র‌্যালির আয়োজন করা হয়।

উদ্বোধনের সময় প্রধান অতিথি মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ বলেন, ‘সুস্বাস্থ্য নিশ্চিত করতে শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিচ্ছন্নতা ও নিয়মিত ব্যায়ামই পারে নগরজীবনকে সত্যিকার অর্থে স্বাস্থ্যকর করে তুলতে।’ তিনি নগরবাসীকে নিয়মিত শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
সার্কিট হাউজ থেকে শুরু হয়ে সাইকেল র‌্যালিটি নগরীর কাস্টমঘাট মোড়, রূপসা চৌরাস্তা, পিটিআই মোড়, রয়্যাল মোড়, ময়লাপোতা মোড়, নিরালা মোড়, শিববাড়ি মোড় ও পিকচার প্যালেস মোড় প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডব্লিউএইচও’র প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী সেলিমুল আজাদ, আমরা বৃহত্তর খুলনাবাসীর সহসভাপতি সরদার আবু তাহের, সংগঠনের সেক্রেটারি ওমর ফারুক কচি, সিয়াম-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. মাসুম বিল্লাহ এবং রেড ক্রিসেন্ট সোসাইটির এস এম মনোয়ার হোসেন লাভলু।

র‌্যালিতে অংশ নেন খুলনা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাইক্লিং ক্লাবের সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ নাগরিকরা।