১১ নভেম্বর, ২০২৫
৯৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল আয়ারল্যান্ড। বিরতি থেকে ফিরে আসার পরই আইরিশদের চেপে ধরেছে বাংলাদেশ দলের বোলাররা। বিশেষ করে নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজ।
লাঞ্চ বিরতি থেকে ফিরে এসে প্রথম ওভারেই নাহিদ রানার বলে উইকেট হারান হাফ সেঞ্চুরি করা পল স্টার্লিং। ৭৬ বলে ৬০ রান করেন তিনি। পরের ওভারেই সফরকারীদের ওপর আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ৬ বলে ১ রান করা হ্যারি টেকটরকে লেগ বিফোর করে ফিরিয়ে দেন তিনি। টেকটর করেন ১ রান।
বর্তমানে আয়ারল্যান্ডের রান ২৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০১। কেড কারমাইকেল ৩৪ রানে ব্যাট করছেন। তার সঙ্গী কার্টিন ক্যাম্ফার ব্যাট করছেন ১ রান নিয়ে।
এর আগে প্রথম ওভারেই অ্যান্ডি বালবির্নির উইকেট নিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন পেসার হাসান মাহমুদ। কিন্তু প্রথম সেশনের বাকি অংশে আর আয়ারল্যান্ডকে কোনো বিপদে ফেলতে পারেনি বাংলাদেশ। এরই মধ্যে হাফ সেঞ্চুরি করে ফেলেন অভিজ্ঞ পল স্টার্লিং। শেষ পর্যন্ত ২৬ ওভারে ১ উইকেটে ৯৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেলো আয়ারল্যান্ড।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ব্যাটিংবান্ধব এটা প্রথম সেশনেই প্রমাণ করে ফেলেছে আইরিশ দুই টপ অর্ডার পল স্টার্লিং এবং অভিষিক্ত কেড কারমাইকেল। দুজন মিলে গড়ে তোলেন ৯৪ রানের অবিচ্ছিন্ন জুটি। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৭৩ বলে ৫৮ রানে পল স্টার্লিং এবং ৭৯ বলে ৩০ রান নিয়ে ব্যাট করছিলেন কেড কারমাইকেল।
সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। ব্যাট করতে নেমেই নিজের উইকেট হারান তিনি।