সব জায়গায় এক পাসওয়ার্ড ব্যবহার করে যে ভুল করছেন

১৬ নভেম্বর, ২০২৫

ডিজিটাল জীবনে প্রতিদিন আমরা নানাভাবে অনলাইন সেবা ব্যবহার করি। ইমেইল, সামাজিক যোগাযোগমাধ্যম, নেট ব্যাংকিং, ই-কমার্স সাইট কিংবা অফিসের ডিজিটাল প্ল্যাটফর্ম—প্রতিটি জায়গায় প্রয়োজন আলাদা লগইন তথ্য। কিন্তু বাস্তবে দেখা যায়, মনে রাখার সুবিধার জন্য অনেকেই সব অ্যাকাউন্টে একটাই পাসওয়ার্ড ব্যবহার করেন। আর ঠিক এই অভ্যাসটিই অজান্তে আমাদের ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তাকে রেখে দেয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায়।

পাসওয়ার্ড ব্যবস্থাপনার এই গাফিলতি যেন ডমিনো ইফেক্টের মতো। একটি অ্যাকাউন্ট থেকে পাসওয়ার্ড ফাঁস হলেই একই পাসওয়ার্ড দিয়ে হ্যাকাররা সহজেই ব্যবহারকারীর অন্যান্য অ্যাকাউন্টে ঢুকে পড়তে পারে। এতে বাড়ে ক্রিডেনশিয়াল স্টাফিং, ফিশিং, পরিচয়চুরি, এমনকি আর্থিক প্রতারণার মতো গুরুতর সাইবার হামলার আশঙ্কা।

বিশেষজ্ঞরা জানান, বিশ্বব্যাপী তথ্য ফাঁসের প্রায় ৮০ শতাংশ ঘটনার পেছনে থাকে পাসওয়ার্ড চুরি। একই পাসওয়ার্ড ব্যবহার মানে যেন সাইবার অপরাধীদের হাতে নিজের ডিজিটাল জীবনের মাস্টার চাবি তুলে দেওয়া।

পাসওয়ার্ড ভুলে যাওয়া স্বাভাবিক ঘটনা হলেও একই পাসওয়ার্ড ব্যবহারে ঝুঁকি আরও জটিল হয়ে ওঠে। একাধিক অ্যাকাউন্টে একই ইমেইল বা ফোন নম্বর যুক্ত থাকলে এক প্ল্যাটফর্মের তথ্য ফাঁস অন্য প্ল্যাটফর্মের অ্যাকাউন্টকেও বিপদে ফেলতে পারে। একই নিরাপত্তা প্রশ্ন ব্যবহার করাও হ্যাকারদের সুযোগ বাড়ায়। ফিশিং আক্রমণেও এই ব্যবহারকারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। ভুয়া ওয়েবসাইটে লগইন করলে একবার পাসওয়ার্ড পাওয়াই হ্যাকারদের জন্য যথেষ্ট, কারণ সেই একই পাসওয়ার্ড দিয়ে তারা সহজেই ঢুকে পড়ে অন্যান্য অ্যাকাউন্টে।

এই ঝুঁকি শুধু ব্যক্তিগত নয়, পেশাগত ক্ষেত্রেও বড় ক্ষতির কারণ হতে পারে। অফিসের এবং ব্যক্তিগত অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করলে তা প্রতিষ্ঠানটির নিরাপত্তা নীতির লঙ্ঘন হিসেবে ধরা হয়। বিশেষ করে ফ্রিল্যান্সার বা রিমোট কর্মীরা আরও বেশি ঝুঁকিতে থাকেন, কারণ তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক হলে গ্রাহকের গোপন তথ্যও ঝুঁকির মুখে পড়ে।

তাই অনলাইন নিরাপত্তা জোরদার করতে কয়েকটি অভ্যাস জরুরি। প্রতিটি অ্যাকাউন্টে আলাদা এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড ম্যানেজার এই কাজকে সহজ করে দেয়। পাশাপাশি টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখলে পাসওয়ার্ড ফাঁস হলেও অতিরিক্ত এক স্তরের সুরক্ষা বজায় থাকে। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করাও সাইবার ঝুঁকি কমানোর গুরুত্বপূর্ণ উপায়।

ডিজিটাল দুনিয়ায় নিরাপদ থাকতে সঠিক পাসওয়ার্ড ব্যবস্থাপনা আরেকটু সচেতনতা চাই। একটি ভুল সিদ্ধান্তই এনে দিতে পারে বড় ধরনের ব্যক্তিগত, আর্থিক ও পেশাগত ক্ষতি। তাই এখনই বদলে ফেলুন পাসওয়ার্ড ব্যবহারের অভ্যাস, সুরক্ষিত রাখুন নিজের ডিজিটাল পরিচয়। সূত্র: টিচ ওয়ার্ড