১৮ নভেম্বর, ২০২৫
সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী আলহাজ আব্দুর রউফ বলেছেন, পূর্বে জোটগত কারণে আমরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করিনি। এবার ধানের শীষ নিয়েই মাঠে নেমেছি। সাতক্ষীরা-২ আসনে জনগণের ভালোবাসা ও দলের ঐক্য থাকলে ইনশাল্লাহ জামায়াতকে হারিয়ে ধানের শীষই জয়ী হবে। আমরা প্রমাণ করতে চাই, সাতক্ষীরা জামাতের নয়, ধানের শীষের ঘাঁটি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিএনপির জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।
আব্দুর রউফ বলেন, সাতক্ষীরার সামগ্রিক উন্নয়নের জন্য ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। দলের অভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে সবার প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।
আলোচনা সভার বক্তব্য রাখেন- সাবেক আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ দাবি, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শিলা, বিএনপি নেতা শের আলী, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টু, জেলা বিএনপির সাবেক সদস্য প্রভাষক আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, ও রবি এমপি সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রাজু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা অসীম কুমার সরকার, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল গাজী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে। ধানের শীষ বিজয়ের লক্ষ্যে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে।
আলোচনা সভার শেষে ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে র্যালিটি শেষ হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।