আলুক্ষেতে আছড়ে পড়লো প্রশিক্ষণ বিমান

১৬ মার্চ, ২০২১

রাজশাহীর তানোর উপজেলায় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার লালপুর ও আড়াদীঘি গ্রামের মাঝামাঝি স্থানে আলুর ক্ষেতে বিমানটি আছড়ে পড়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিমানে একজন পাইলট ও একজন প্রশিক্ষণার্থী ছিলেন। তারা দু’জনেই সুস্থ আছেন।ৎ

প্রশিক্ষণ প্লেনটি বাংলাদেশ ফ্লাইং একাডেমির বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বাংলাদেশ ফ্লাইং ক্লাবের রাজশাহীর প্রশিক্ষক ক্যাপ্টেন মাহফুজুর রহমান বিমানে ছিলেন। তার সাথে ছিলেন ক্যাডেট নাহিদ এরশাদ।

ক্যাপ্টেন মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, আমরা সুস্থ আছি। আমরা ঘটনাস্থলেই আছি। কীভাবে, কেন দুর্ঘটনা ঘটেছে- সেসব বিষয়ে পরে কথা বলা যাবে বলে জানান তিনি।

এর আগে গত ৯ জানুয়ারি রাজশাহী বিমানবন্দরেই ল্যান্ড করার সময় বাংলাদেশ ফ্লাইং ক্লাবের একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানটির চাকা ভেঙ্গে পড়ে। তবে কেউ হতাহত হননি।