১৯ নভেম্বর, ২০২৫
সারা দেশে সাধারণ ও কারিগরি মিলিয়ে ২ হাজার ৬০০-এর অধিক এমপিওভুক্তির উপযোগী শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও চূড়ান্তকরণ করে যাবে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।
সোমবার (১৭ নভেম্বর) সচিবালয়ে এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সি আর আবরার জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো সবাই মিলে যদি এ রকম কোনো প্রস্তাবনা দেয় যে ক্ষমতায় গেলে এ এমপিও প্রক্রিয়াকে তারা অব্যাহত রাখবে এবং শিক্ষকদের মান মর্যাদা বাড়াবে। তাহলে এটা তাদের এখনই ডিক্লেয়ার করা উচিত। আন্দোলনরত শিক্ষকদের ঘরে ফিরে যাওয়ার জন্য একদিকে রাষ্ট্রের পক্ষ থেকে, যা করার আমরা চেষ্টা করছি। রাজনৈতিক দলগুলোর যদি ওই ডিক্লারেশনটা দেন, তাহলে তারাও নিশ্চিত হবে যে বৃহত্তর পরিসরে জাতীয় একটা ঐকমত্য এখানে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি জানান, নন-এমপিও প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করার জন্য চলতি অর্থবছরে ২০০ কোটি টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে ৫০ কোটি টাকার বরাদ্দ চলে গেছে বাসাভাড়া বৃদ্ধি, বোনাসসহ অন্যান্য খাতে। তবে যাঁরা এমপিও ভুক্ত হতে পারেন নাই এবং যেসব যোগ্য প্রতিষ্ঠান একাধিকবার প্রত্যাখ্যাত হয়েছে, তাদের বিষয় বিবেচনার করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের এমপিওটা হবে মূলত কারিগরির ক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে। তাই ঢালাওভাবে এমপিওভুক্ত না করে কারিগরি শিক্ষাকে যারা প্রমোট করে, তাদের বিষয়টাকে মাথায় রাখা হচ্ছে। এ জন্য রাজনৈতিক দলগুলোও যেন কারিগরি শিক্ষার দিকে মনোযোগ দেয়, তা নিয়ে সিদ্ধান্ত হওয়া দরকার।
এর আগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সভাপতিত্বে নন-এমপিও ঐক্য পরিষদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস