গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান : নুরউদ্দিন আহমেদ অপু

২১ নভেম্বর, ২০২৫

শরীয়তপুর-৩ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ও সাবেক তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরউদ্দিন আহমেদ অপু বলেছেন, মানুষ বিএনপির কাছে গণতন্ত্রের গ্যারান্টি চায় না, কারণ এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সেই দলের ধারক ও বাহক। শরীয়তপুরে এখন আনন্দের উৎসব চলছে। আমরা শরীয়তপুরকে আধুনিক শরীয়তপুর রূপান্তরের করব।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) শরীয়তপুর-৩ আসনের ডামুড্যা উপজেলার ইসলামপুর ও কনেশ্বর এলাকায় সাংগঠনিক কার্যক্রমে অংশ নিয়ে গণসংযোগকালীন তিনি এসব কথা বলেন।

মিয়া নুরউদ্দিন আহমেদ অপু বলেন, শরীয়তপুর জেলার মানুষ আমার পরিবারের সদস্য। এ এলাকা দীর্ঘদিন অবহেলিত থাকলেও এখন মানুষ নতুন আশার আলো দেখছে। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের পরিকল্পনায় শরীয়তপুরকে একটি আধুনিক জেলায় উন্নীত করা হবে।

তিনি জানান, শুধু প্রতিশ্রুতি নয়, ভবিষ্যতে তার সংসদীয় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার লক্ষ্যেই তিনি কাজ করতে চান।

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। সকাল থেকে ইসলামপুর ও কনেশ্বর এলাকায় সাংগঠনিক কার্যক্রম শেষে পশ্চিম কুতুবপুর গ্রামের খাইরুন্নেসা মুজিব নুরানি ও হাফেজিয়া মাদরাসায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে দোয়া মাহফিল আয়োজন করেন মিয়া নুরউদ্দিন আহমেদ অপু।

দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মানুষের উপস্থিতি ছিল।