আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিবে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’

২১ নভেম্বর, ২০২৫

শ্রীলংকান নৌবাহিনীর ৭৫ বছর পূর্তি উপলক্ষে এবার কলম্বোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ। এ আয়োজনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’ বৃহস্পতিবার (২০ নভেম্বর) চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে।

জাহাজের যাত্রা উপলক্ষে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতিতে সুসজ্জিত বাদকদলের পরিবেশনায় ‘প্রত্যয়’-কে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। তিনি যাত্রাসূচক বক্তব্যে কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর সুনাম আরও বৃদ্ধি করার আহ্বান জানান। বিদায় অনুষ্ঠানে স্থানীয় নৌ কর্মকর্তারা এবং জাহাজে গমনকারী সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

এ যাত্রায় বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়া নেতৃত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে ২৯ জন কর্মকর্তা সহ মোট ১৫০ জন নৌ সদস্য এবারের ফ্লিট রিভিউতে অংশ নেবেন।

বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ, পর্যবেক্ষক, উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও সামরিক বিশেষজ্ঞরা অংশ নেবেন এই আন্তর্জাতিক আয়োজনে।

সমুদ্রপথে জলদস্যুতা, মাদক ও মানবপাচার, চোরাচালান, অবৈধ মাছ ধরাসহ বিভিন্ন আন্তসীমান্ত অপরাধ মোকাবিলা এবং দুর্যোগ সহায়তায় বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এ আয়োজনকে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ নৌবাহিনী অতীতেও বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে নিয়মিত মহড়া, যৌথ অভিযান ও প্রশিক্ষণের মধ্য দিয়ে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে বাহিনীটি।

এ সফর শেষে আগামী ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে জাহাজটি চট্টগ্রামে ফিরে আসার কথা রয়েছে।