সংগীত অঙ্গনে কৌশিকের আনুষ্ঠানিক পথচলা

২২ নভেম্বর, ২০২৫

দেশের সংগীত জগতে নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছেন এম এইচ কৌশিক। দীর্ঘদিনের প্রস্তুতি, সাধনা ও স্বপ্ন ধারণ করে এবার তিনি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। খুব শিগগিরই প্রকাশ পাচ্ছে তাঁর প্রথম মৌলিক গান।

আত্মপ্রকাশ নিয়ে উচ্ছ্বাসিত কৌশিক। তিনি বলেন, ‘নিজের কণ্ঠে শ্রোতাদের জন্য কিছু নতুন উপহার দিতে চাই। সবার ভালোবাসাই আমার শক্তি।’

নতুন কণ্ঠের এই আগমন ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মাঝে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি তিনি একটি জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন, যা তাঁর পেশাদার যাত্রায় নতুন মাত্রা যোগ করেছে। পাশাপাশি ভারত–বাংলাদেশ যৌথ সংগীত আয়োজনে দুটি মৌলিক গানের কাজও সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে গান দুইটির মিউজিক ভিডিওর কাজ চলছে।

গান দুইটির সংগীত পরিচালনা করেছেন সাজেদুর শাহেদ। তিনি বলেন, ‘এম এইচ কৌশিকের মায়াবী কণ্ঠ শ্রোতাদের মন ছুঁয়ে যাবে—এ ব্যাপারে আমি আশাবাদী।’

খুব শিগগিরই গানগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন কণ্ঠশিল্পী হিসেবে কৌশিকের যাত্রা দেশের সংগীতাঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে—এমনটাই প্রত্যাশা ভক্ত-শ্রোতাদের।