আজ তেরশ্রী গণহত্যা দিবস

২২ নভেম্বর, ২০২৫

আজ ভয়াল ২২ নভেম্বর, তেরশ্রী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামে গণহত্যা চালিয়েছিল পাকহানাদার বাহিনী। তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানসহ শহীদ হয়েছিল ৪৩ জন গ্রামবাসী।

সাইফ উদ্দিন আহম্মেদ সম্পাদিত ‘মানিকগঞ্জের ইতিহাস’ বই থেকে জানা গেছে, মুক্তিযুদ্ধের শেষের দিকে গ্রামটি ছিল মুক্তিবাহিনীর দখলে।

হানাদার বাহিনী পরিকল্পনা করে গ্রামটির দখল নিতে ২২ নভেম্বর শেষ রাতে অভিযান চালয়। গ্রামে ঢুকে প্রথমে তারা বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয়। ভয়ার্ত গ্রামবাসী ঘরের বাইরে আসতেই গুলি চালায়। অনেককে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।

তেরশ্রীর শহীদদের স্মরণে মানিকগঞ্জ-ঘিওর-টাঙ্গাইল মহাসড়কের তেরশ্রীতে নির্মাণ করা হয়েছে স্মৃতিফলক। ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলাম জানান, প্রতিবারের মতো এবারও শহীদদের স্মরণে আয়োজন করা হয়েছে শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনাসভার।