ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নসহ ৫ দাবিতে বিক্ষোভ

২২ নভেম্বর, ২০২৫

ভোলা-বরিশালে সেতু বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ভোলাবাসী। শুক্রবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমরা ভোলাবাসী’ ব্যানারে কয়েকশত মানুষ উপস্থিত হয়ে ওই দাবি জানান। এ সময় প্রেসক্লাবের সামনে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। 

বিক্ষোভকারীদের মধ্যে নাহিদ ইসলাম নামের একজন জানান, আমাদের ভোলা হচ্ছে একটি দ্বীপ জেলা। ভোলায় ভালো চিকিৎসা ব্যবস্থা না থাকায় লঞ্চে করে আমাদেরকে ঢাকায় আসতে হয়। এর ফলে অনেক সময় লাগে। কিন্তু, ভোলা থেকে বরিশালে যদি একটা সেতু করা হয়, তাহলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকায় আসার চাইতে আমরা বরিশালে অল্প সময়ের মধ্যে যেতে পারব।

তিনি আরও জানান, যাতায়াতের দিক থেকেও আমরা পিছিয়ে আছি। একটা সেতু হয়ে গেলে আমরা ভোলা থেকে বরিশালে গিয়ে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় যেতে পারব। এখনতো আমাদের লঞ্চ ছাড়া কোনো যাতায়াত ব্যবস্থা নেই। আমাদের দাবি একটাই, সেটা হলো— আমরা ভোলা থেকে বরিশালে সেতু চাই। 

ভোলাবাসীর মধ্যে মো. শাকিল নামের একজন বলেন, আমাদের মোট পাঁচ দাবি। দাবিগুলো হলো— ভোলা-বরিশালে সেতুর ব্যবস্থা করতে হবে; ভোলাতে একটা মেডিকেল কলেজ করতে হবে; ভোলায় প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে হবে; ভোলায় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় করাসহ প্রত্যেক ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করতে হবে।