২৫ নভেম্বর, ২০২৫
কুষ্টিয়ার শ্রমিকদল নেতা আবেদুর রহমান আন্নু (৫৩) নিখোঁজের আট দিন পর তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর সদর থানার পদ্মা নদীর তীরবর্তী ডিগ্রির চর ইউনিয়নের কবিরপুর চরের কাছ থেকে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে।
গত ১৬ নভেম্বর বেলা ১২টার দিকে কুষ্টিয়ার হরিপুর-সংলগ্ন পদ্মা নদীতে একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবেদুর রহমান আন্নু। ট্রলার দুর্ঘটনার পর কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও খুলনা ডুবুরি দল বহু চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজের পর দিন ১৭ নভেম্বর আন্নুর স্ত্রী জিয়াসমিন আরা রুমা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেখানে তিনি উল্লেখ করেন সকাল ১১টার দিকে হরিপুর মোহনা ও চর ভবানীপুরের মধ্যবর্তী স্থানে বাল্কহেডের ধাক্কায় তার স্বামী পানিতে পড়ে যান।
দীর্ঘ আট দিন পর অক্ষত অবস্থায় লাশ উদ্ধারের ঘটনায় বিশেষজ্ঞ মতামত না পাওয়া পর্যন্ত লাশের অবস্থান ও অক্ষত থাকার কারণ স্পষ্ট নয়।
নৌ পুলিশ জানায়, অজ্ঞাতনামা এক মুসলিম পুরুষের (বয়স আনুমানিক ৫০) লাশ তারা উদ্ধার করে।
পর্যাপ্ত আলো না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা সম্ভব হয়নি। সিআইডি টিমকে অবহিত করা হয়েছে, তারা সকালে এসে তদন্ত কার্যক্রম শুরু করবে।
লাশের পকেটে একটি টাচফোন পাওয়া গেছে, যা পানিতে ভিজে থাকায় অকার্যকর হয়ে গেছে। ফোন বা সিম সচল করার চেষ্টা চলছে।
মরদেহের কোথাও বড় ধরনের আঘাতের চিহ্ন নেই, তবে বাম বগলের নিচে ক্ষতের মতো একটি চিহ্ন দেখা গেছে।
বর্তমানে মরদেহ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আবেদুর রহমান আন্নু কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে এবং কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।