২৫ নভেম্বর, ২০২৫
সৌদি আরব অমুসলিম বিদেশিদের জন্য আরও দুটি মদের দোকান চালুর পরিকল্পনা করছে। এর মধ্যে একটি দোকান রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর বিদেশি ও অমুসলিম কর্মীদের জন্য বিশেষভাবে নির্ধারিত হবে। বিষয়টি সম্পর্কে অবহিত একাধিক সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।
এই পরিকল্পনাকে দেশটির ডি-ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাতে নেওয়া ভিশন–২০৩০ কর্মসূচির আরেকটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সৌদি সরকার সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কার চালাচ্ছে, যার অংশ হিসেবে সীমিতভাবে অমুসলিমদের জন্য মদের দোকান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বছর রিয়াদে প্রথমবারের মতো একটি মদের দোকান খোলা হয় অমুসলিম কূটনীতিকদের জন্য। এর আগে ৭৩ বছর ধরে দেশটিতে মদের দোকান চালু ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। সেই দোকানটি কূটনৈতিক এলাকার একটি ভবনে ‘বুজ বাংকার’ নামে পরিচিত।
নতুন দুটি দোকানের একটি হবে দাহরান শহরে, যেখানে আরামকোর অনেক বিদেশি কর্মী থাকেন। আরেকটি দোকান হবে জেদ্দায়, যেখানে বহু দূতাবাসের কনসাল ও অমুসলিম কূটনীতিক বসবাস করেন। দুটি দোকানই ২০২৬ সাল নাগাদ চালু করার লক্ষ্য নির্ধারণ করা হলেও সৌদি কর্তৃপক্ষ এখনো চূড়ান্ত সময় ঘোষণা করেনি।
সূত্র জানায়, রিয়াদের দোকানের গ্রাহক তালিকায় সম্প্রতি অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সিধারীদের (যারা দক্ষতা, উদ্যোক্তা পরিচয় বা বড় বিনিয়োগের কারণে বিশেষ আবাসিক সুবিধা পান) যুক্ত করা হয়েছে। এটি নির্দেশ করে যে ভবিষ্যতে বিদেশিদের জন্য মদ বিক্রির সুযোগ আরও কিছুটা বিস্তৃত হতে পারে।
তবে নতুন দোকান চালুর বিষয়ে সরকারি গণমাধ্যম অফিস কিংবা আরামকো কোনো মন্তব্য করেনি। রিয়াদে দোকান চালুর আগে মদ পাওয়া যেত শুধু কূটনৈতিক চ্যানেল, কালোবাজার বা ঘরে বানানোর মাধ্যমে। বর্তমানে উপসাগরীয় অঞ্চলে কুয়েত ছাড়া সব দেশেই সীমিত আকারে মদ বিক্রি হয়।