২৫ নভেম্বর, ২০২৫
রাজধানীর মেট্রো রেল ব্যবহারে যাত্রীসেবা আরো সহজ করতে চালু হয়েছে অনলাইন রিচার্জ সুবিধা। আজ মঙ্গলবার সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। ফলে এখন থেকে স্টেশনের কাউন্টারে লাইনে দাঁড়ানো ছাড়াই ঘরে বসেই র্যাপিড পাস বা এমআরটি পাসে রিচার্জ করা যাবে।
এই সেবা পেতে হলে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। এই প্রক্রিয়ায় প্রতিবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫০০০ টাকা রিচার্জ করা যাবে। রিচার্জ বাতিল করা যাবে ৭ দিনের মধ্যে। তবে ৫ শতাংশ চার্জ কেটে নেওয়া হবে। ১৬টি মেট্রো স্টেশনে মোট ৩২টি এভিএম মেশিন বসানো হয়েছে অনলাইন রিচার্জ চেক করার জন্য।
নীতিমালা অনুযায়ী, অনলাইন রিচার্জে অতিরিক্ত পেমেন্ট গেটওয়ে ফি প্রযোজ্য হবে। রিচার্জ করা টাকা তিন মাস পর্যন্ত ‘অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে। নির্ধারিত সময়ে কার্ড এভিএম-এ ট্যাপ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে ফিরে যাবে, তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখবে কর্তৃপক্ষ।