পাকিস্তানে সেনা অভিযানে নিহত ২২

২৫ নভেম্বর, ২০২৫

পাকিস্তানের খায়বার পাখতুনখোয়ার বান্নু জেলায় একটি সেনা অভিযানে ২২ জন ভারত-সমর্থিত নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

মঙ্গলবার আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, সোমবার ভারতীয় প্রক্সি সংগঠন ‘ফিতনা আল খারিজ’–এর সঙ্গে যুক্ত খারিজিদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী ওই অভিযান চালায়। সাধারণত ‘ফিতনা আল খারিজ’ শব্দটি নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)–সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বোঝাতে ব্যবহার করে পাকিস্তান। আইএসপিআর জানায়, অভিযানে খারিজিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় এবং তীব্র গোলাগুলির পর ২২ খারিজি নিহত হন।

বিবৃতিতে আরো বলা হয়, ওই এলাকায় লুকিয়ে থাকা অন্য সন্ত্রাসীদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে সেনা সদস্যরা। আইএসপিআর জানায়, বিদেশি মদদপুষ্ট ও পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে পূর্ণ গতিতে চলবে নিরাপত্তাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান।