কেরানীগঞ্জে ময়লার স্তূপে রিভলভারসহ ৩৭ রাউন্ড গুলি উদ্ধার

২৮ নভেম্বর, ২০২৫

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় ময়লার স্তূপ থেকে একটি রিভলভারসহ ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে বিআরটিএ অফিসের পশ্চিম পাশের একটি ময়লার স্তূপে অস্ত্রটি পড়ে থাকার খবর পেয়ে ইকুরিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেনের উপস্থিতিতে ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধারকাজ পরিচালনা করা হয়। অস্ত্রটি দেশি নাকি বিদেশি তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে কী উদ্দেশ্যে বা কে অস্ত্রটি ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন বলেন, অস্ত্র যারই হোক, বিষয়টি খতিয়ে দেখা হবে। ইতোমধ্যে এলাকায় টহল বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, অস্ত্রটির উৎস এবং দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কেউ অস্ত্রটি ফেলে যেতে পারে। তদন্ত শেষে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে জানিয়েছে তিনি।