দিনাজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২৮ নভেম্বর, ২০২৫

দিনাজপুরের চিরিরবন্দরে মাদক ব্যবসায়ী সাদেক আলীকে ২০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টায় চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় থানায় অভিযোগ করা হলে পুলিশ তাকে মাদকসহ কয়েকবার আটকও করে। কিন্তু কয়েকদিন পরেই সে জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসা শুরু করে। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, তাকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদক মামলাসহ ১৮টি মামলা রয়েছে। তাকে নতুন আরেকটি মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।