মা-বাবা হতে চলেছেন রণদীপ হুদা ও লিন লাইশরম

২৯ নভেম্বর, ২০২৫

বলিউডে আবার খুশির খবর। গত অক্টোবর থেকে চলছিল গুঞ্জন। অবশেষে তা-ই সত্যি হলো। মা-বাবা হতে চলেছেন আলোচিত দম্পতি রণদীপ হুদা ও লিন লাইশরম।

শনিবার (২৯ নভেম্বর) বিবাহবার্ষিকীর দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবর দিলেন তারা।

সামাজিকমাধ্যমে ছবি পোস্ট করেন এই দম্পতি। যেখানে দেখা যায় তারা বনফায়ারের পাশে বসে আছেন, বেইজ পোশাক পরেছেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। ক্যাপশনে দেন লিনের অন্তঃসত্ত্বার ঘোষণা।

তারা লেখেন, ‘দুই বছরের প্রেম, অ্যাডভেঞ্চার, এবং এখন... ছোট্ট একজন আসার পথে।

এরপর শুভেচ্ছা-বন্যায় ভাসছেন তারকা দম্পতি। অনুরাগী, বন্ধু, সহকর্মী — সকলেই শুভেচ্ছা জানিয়েছেন রণদীপ এবং লিনকে।

এর আগে, সামাজিকমাধ্যমে দীপাবলি উদযাপনের বেশকিছু ছবি শেয়ার করেন রণদীপ হুদা।

সেখানে দম্পতিকে দেখা যায় ম্যাচিং ড্রেসে। দুজনেই বেছে নিয়েছিলেন হালকা গোলাপি পোশাক। আর লিনকে দেখে অনুরাগীরা অনুমান করেন তিনি অন্তঃসত্ত্বা। অবশেষে সেই অনুমানই সত্যি হলো।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে বলিউডের ‘মণিপুরীকন্যা’খ্যাত লিন লাইশরমের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রণদীপ।

এবার বিয়ের দ্বিতীয় বিবাহ  বার্ষিকীতে দুই থেকে তিন হওয়ার সুখবর দিলেন অভিনেতা।