৩০ নভেম্বর, ২০২৫
মাদারীপুরের সপ্তম চীন মৈত্রী সেতুতে টোল চাওয়ায় ক্ষিপ্ত হয়ে হামলা করেছেন কয়েকজন যুবক। এতে তিনজন আহত হয়েছেন।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতুর অফিসে ঢুকে হামলা চালানো হয়। এ সময় অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে সেতু পার হতে যায় কয়েকজন যুবক। সেতুর কর্মীরা টোল চাইলে ওই যুবকরা বাকবিতণ্ডায় জড়ায়। পরে দেশীয় অস্ত্র নিয়ে টোল আদায়কারী ঠিকাদারী প্রতিষ্ঠানে হামলা চালায় তারা। এ সময় অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। হামলায় আহত হন তিনজন।
খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন জানান, ‘টোল অফিসে হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’