যশোরে ১০টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলিসহ

৩০ নভেম্বর, ২০২৫

যশোরে বিশেষ অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার দিবাগত রাতে সদর উপজেলার মধুগ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। রবিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলার নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। আটক লিটন গাজী (৩৮) মধুগ্রামের নূর ইসলাম গাজীর ছেলে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, ডিবি পুলিশের একটি দল লিটন গাজীর বাড়িতে অভিযান চালায়। এসময় তার খাটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি ৭.৬৫ এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি ও সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক লিটন গাজী জানিয়েছেন, ভারত থেকে আনা এসব অস্ত্র চট্টগ্রাম ও কক্সবাজারে পাঠানোর কথা ছিল। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল হক জানান, লিটন গাজীর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা দায়ের ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।