০১ ডিসেম্বর, ২০২৫
রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক জহির উদ্দিন ভূইয়া নিহত হয়েছেন। গতকাল রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জহির উদ্দিন ভূইয়া (৫৩) দৈনিক ভোরের পাতা পত্রিকার জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক ছিলেন। গতকাল রবিবার বিকেলে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি।
এক পর্যায়ে ফ্লাইওভারের ঢালের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে আহত হন। গুরুতর অবস্থায় তাঁকে পথচারীরা উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল পৌনে ৫টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাকিব ভূইয়া তামিম জানান, তাঁদের বাসা সবুজবাগের বাসাবো এলাকায়। দুপুরের দিকে তাঁর বাবা বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে কারওয়ান বাজারের অফিসে যাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর ফোনে তাঁদের দুর্ঘটনার খবর দেন এক পথচারী।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত (পরিদর্শক) মো. ফারুক বলেন, সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।
তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, নিহত জহির উদ্দিন ভূইয়ার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার চাপিতলা গ্রামে।