চাঁদপুরে কিশোর গ্যাংয়ের সদস্যসহ আটক ৫১

০১ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৫১ জনকে আটক করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি মো: বাহার মিয়া।

পুলিশ জানায়, নবাগত পুলিশ সুপার মো: রবিউল হাসানের দিক নির্দেশনায় শহরে রাত্রিকালীন কিশোর গ্যাং ও মাদক উদ্ধারে অভিযান পরিচালিত হয়। রবিবার সন্ধ্যায় শুরু করে মধ্য রাত পর্যন্ত শহরের মূখার্জিঘাট, চৌধুরী ঘাট, লন্ডন ঘাট, ছায়াবানী মোড়, পুরান আদালত পাড়া, কালিবাড়ি প্ল্যাটফর্মসহ কিছু গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ অভিযান চালায়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বাহার মিয়া বলেন, মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৪৫জন সদস্যকে আটক করা হয়। তন্মধ্যে ১৩ জনকে জুয়া আইন, একজন সাজাপ্রাপ্ত আসামি এবং একজন মাদক বিক্রেতাকে আটক করা হয়। এছাড়া ডিবি পুলিশের অভিযানে ৬ জন কিশোর অপরাধী সন্দেহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, নিয়মিত এ ধরনের অভিযান চলবে। তবে যাদের আটক করা হয়েছে তাদের প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে কোন অপরাধের সাথে জড়িত থাকলে বা যাদের বিরুদ্ধে অপরাধ সম্পর্কিত তথ্য পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।