জুরাইনে গুলিতে অটোচালকের মৃত্যু, দুজন গ্রেপ্তার

০৩ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর জুরাইনে সিএনজিচালিত অটোরিকশা চালক পাপ্পু শেখকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলো- ইউসুফ সরদার (৪৫) ও উজ্জল ওরফে কাঞ্চি (৩০)।  

মঙ্গলবার (২ ডিসেম্বর) র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার সন্ধ্যায় জুরাইন গ্যাস পাইপ এলাকার জব্বার গলিতে এ হত্যার ঘটনা ঘটে।

সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, খুনিরা নিহতের পূর্ব পরিচিত। মাদক ব্যবসা সংশ্লিষ্ট দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত পাপ্পু শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে হত্যাকারীরা দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র নিয়ে পথরোধ করে জোরপূর্বক আটকে রাখে।

মামলায় এজাহারনামীয় আসামি বাপ্পারাজ ওরফে বাপ্পা ভুক্তভোগীকে লক্ষ্য করে তিনটি গুলি করে, এরমধ্যে একটি পাপ্পুর পুরুষাঙ্গের বাম পাশে লাগে। পাপ্পু মাটিতে লুটিয়ে পড়লে খুনিরা সেখান থেকে পালিয়ে যায়। 

র‌্যাব জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায় হত্যাকারীদের সঙ্গে পাপ্পুর বাগবিতণ্ডা চলছিল। এরমধ্যে তাকে গুলি করে হত্যাকারীরা পালিয়ে যায়।

মাদক ব্যবসাকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। 

কদমতলী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ইউসুফ সরদারের বিরুদ্ধে মাদক আইনসহ বিভিন্ন অপরাধে তিনটি মামলা রয়েছে। উজ্জলের বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

এর আগে বাপ্পাসহ ৫ জনের নাম এজাহারভুক্ত করে হত্যা মামলাটি করেন নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী।