০৫ ডিসেম্বর, ২০২৫
রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) চিত্রপ্রদর্শনী ও প্রতিযোগিতায় আবারও ফিরে এসেছে স্কাল্পচার (মূর্তি) শিল্প। তিন বছর পর পর এমন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হলেও মূর্তি শিল্প বিভাগটি ফিরে এসেছে দীর্ঘ ৯ বছর পর।
গতকাল বৃহস্পতিবার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এনএসইউ শিক্ষার্থী শাহরিয়ার হাসান মাহি কালের কণ্ঠকে বলেন, ‘এ বছর নির্বাচিত প্রদর্শনীর মধ্যে আমারও একাধিক ছবি ও শিল্পকর্ম স্থান পেয়েছে, যা এনএসইউ শিক্ষার্থীদের বহুমাত্রিক প্রতিভার সঙ্গে একাত্ম হয়েছে। প্রদর্শনীস্থলটি রং, সৃজনশীলতা ও কল্পনার উচ্ছ্বাসে পরিপূর্ণ হয়ে উঠেছে।
সেখানে ফটোগ্রাফি, স্কেচ, পেইন্টিং ও স্কাল্পচার বিভাগে অসাধারণ শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে।’
পাঁচ দিনব্যাপী ‘ইন্ট্রা নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন ২০২৫’ গত ২৩ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ২৭ নভেম্বর। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠান প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের প্রদর্শনী বিশেষভাবে গুরুত্ব অর্জন করে।
কারণ দীর্ঘ ৯ বছর পর পুনরায় স্কাল্পচার (মূর্তি শিল্প) বিভাগটি ফিরে আসে, যা ক্যাম্পাসের তরুণ শিল্পীদের সৃজনশীল বিবর্তনকে নতুন মাত্রায় তুলে ধরে। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং সৃজনশীলতার পুনর্জাগরণ, আবেগের প্রকাশ ও শিল্পীসত্তার বিকাশের এক অনন্য উদযাপন, যা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সৃজনশীল প্রদর্শনীর মহাসমারোহে প্রত্যাবর্তনকে চিহ্নিত করে। বিশেষত স্কাল্পচার বিভাগটির পুনর্প্রবর্তন শিল্পীসত্তার বহুমাত্রিক অনুসন্ধানকে আরো উৎসাহিত করে। প্রদর্শনী শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটি বার্তা স্পষ্টভাবে ধ্বনিত হয়, সৃজনশীলতা তখনই বিকশিত হয় যখন তাকে প্রকাশের সুযোগ দেওয়া হয়।
প্রতিটি শিল্পীর গল্পই মূল্যবান, তা দেখার, অনুভবের এবং স্মরণ করার মতো।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক ‘কালের কণ্ঠ’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি বিভাগীয় প্রধান তানভীর মুরাদ টপু ও বিশেষ অতিথি ছিলেন এনএসইউর কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল রব খান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।