০৬ ডিসেম্বর, ২০২৫
ভারতে বিমান চলাচলে ভয়াবহ বিঘ্ন ঘটেছে। দেশটির বিমান পরিচালনা সংস্থা ইন্ডিগোর এক দিনে ৫৫০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ঘটনাকে ইতিহাসের সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইন্ডিগো জানিয়েছে, ক্রুসংকট, নতুন নীতিমালার কারণে পরিকল্পনায় ভুল এবং প্রযুক্তিগত সমস্যার সম্মিলিত প্রভাবেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংস্থাটি পূর্বনির্ধারিত কিছু ফ্লাইট বাতিলকে পরিকল্পনার অংশ হিসেবে রাখছে। আগামী দু-তিন দিন আরো ফ্লাইট বাতিল হবে বলেও জানিয়েছে সংস্থাটি। ইন্ডিগো দৈনিক প্রায় দুই হাজার ৩০০ ফ্লাইট পরিচালনা করে আছে।
প্রতিষ্ঠানটি নিজেদের সময়নিষ্ঠতাকে অন্যতম সুনামের অংশ হিসেবে তুলে ধরে। কিন্তু বুধবার তাদের অনটাইম পারফরম্যান্স মাত্র ১৯.৭ শতাংশে নেমে এসেছে। এমনকি তা মঙ্গলবারের ৩৫ শতাংশ থেকেও কমে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) আজ ইন্ডিগোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
সমস্যার উত্স এবং দ্রুত সমাধান খুঁজে বের করাই ছিল সভার উদ্দেশ্য।