আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা

০৬ ডিসেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ঢাকার বাইরে চারটি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সকাল সাড়ে ১১টায় বিজনেস স্টাডিজ অনুষদ ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট এক হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ জন ভর্তীচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।