আরেকটি বড় জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

০৬ ডিসেম্বর, ২০২৫

গ্যাবায় তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে বড় লিড ছুড়ে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তাদের অর্ধেকের বেশি উইকেট তুলে নিয়েছে অসিরা। দিবা-রাত্রির এই টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৪ রান করতে ৬ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এখনও বেন স্টোকসের দল পিছিয়ে ৪৩ রানে। ৪ রান করে উইকেটে আছেন স্টোকস। অধিনায়ককে সঙ্গ দিচ্ছেন সমান রান করা উইল জ্যাকস।

অবিশ্বাস্য কিছু না হলে ব্রিসবেন টেস্টে সহজেই জয় পাওয়ার কথা অস্ট্রেলিয়ার। আর তাতে ইংল্যান্ড পিছিয়ে পড়বে ০-২ ব্যবধানে। আর অ্যাশেজের ১৪৩ বছরের ইতিহাসে এর আগে মাত্র একবারই কোনো দল ০-২ থেকে ফিরে এসে সিরিজ জিতেছে।

ব্রিসবেনে দ্বিতীয় দিন ক্যাচ মিসের পসরা সাজানো ইংল্যান্ড স্বাগতিক অস্ট্রেলিয়াকে সুযোগ করে দেয় লিড বাড়িয়ে নেওয়ার। ৪৪ রানে এগিয়ে থেকে আজ ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া লিড ১৭৭ করে অলআউট হয়। ৬ উইকেটে ৩৭৮ রান নিয়ে দিন শুরু করা অজিরা থামে ৫১১ করে। 

এরপর ব্যাটিংয়ে নেমে ‘বাজবলেই’ আস্থা রেখে দ্রুত রান তুলে দুই ইংলিশ ওপেনার। ৭.৪ ওভারে স্কোরবোর্ডে ৪৮ রান তুলে তাঁরা। পতনের শুরুটা হয় বেন ডাকেটকে দিয়ে। ১৮ বলে ১৫ করা বাঁহাতি এই ব্যাটারের স্ট্যাম্প ছত্রখান করে দেন স্কট বোল্যান্ড। 

এরপর জ্যাক ক্রলি-ওলি পোপের জুটিতেই কিছুটা প্রতিরোধ গড়ে ইংল্যান্ড। দলীয় ৯০ রানে পোপে ফেরার পর শেষ হয় দ্বিতীয় উইকেটে তাদের ৪২ রানের জুটি। তারপর ৩৮ রান তুলতে চার ব্যাটারকে হারিয়েছে সফরকারীরা। 

৫৯ বলে ৪৪ করা ক্রলি আউট হয়েছেন মাইকেল নাসেরের বলে। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান জো রুট শিকার হয়েছেন মিচেল স্টার্কের। ড্রেসিংরুমের পথ  ধরার আগে তাঁর ব্যাট থেকে এসেছে ১৫ রান। ১২১ রানে ৪ উইকেট হারানো দলের বিপদে হাল ধরতে ব্যর্থ হ্যারি ব্রুক (১৫) আর জেমি স্মিথও (৪)।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ব্রেন্ডন ডগেট ছাড়া বাকি তিন পেসার স্টার্ক, বোল্যান্ড ও নেসের জোড়া উইকেট নিয়েছেন। 

এর আগে অস্ট্রেলিয়ার সবক’টি উইকেট তুলে নিতে বেশ ঘাম ঝরাতে হয়েছে ইংল্যান্ডের বোলারদের। অজিদের ১১ ব্যাটাররের সবাই দুই অঙ্ক স্পর্শ করেন। নবম উইকেটে স্টার্ক-বোল্যান্ডের ৭৫ রানের জুটি অস্ট্রেলিয়ার রান পাঁচশোর কাছে নিয়ে যায়। টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফিফটি করেন স্টার্ক। ব্রাইডন কার্সের বলে স্টোকসের ক্যাচ হওয়ার আগে ১৪১ বলে ৭৭ করেন তিনি। ফিফটি করা উইকেট কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি ওয়ানডে ধাঁচের ব্যাটিংয়ে করেন ৬৩ বলে ৬৯। এছাড়া লেজের দিকের ব্যাটার নেসেরের ১৬, বোল্যান্ডের অপরাজিত ২১ ও ডগেটের ১৩ রানে ভর করে বড় লিড পায় অস্ট্রেলিয়া।