০৯ ডিসেম্বর, ২০২৫
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গ্যাস্ট্রিকের ট্যাবলেট ভেবে ভুল করে ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে কানকু মিয়া (৫০) ও মো. কমল মিয়া কোম্পানি (৪৮) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
গত রবিবার দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে তাঁরা গ্যাস ট্যাবলেট সেবন করেন। ওই দিন রাত ১০টার দিকে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয় এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) চিকিত্সাধীন অবস্থায় অন্যজন মারা যান।
নিহত কানকু মিয়া ওই এলাকার মৃত মকজল হোসেনের ছেলে।
কমল মিয়া কোম্পানির বাড়ি একই ইউনিয়নের পোড়াভিটা গ্রামে। দুজনের মধ্যে বিয়াই সম্পর্ক ছিল।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, রবিবার দুপুরে গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে দুজনই ভুল করে ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খেয়ে ফেলেন। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়লে তাঁদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘ভুলবশত গ্যাস্ট্রিকের ট্যাবলেট মনে করে তাঁরা ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট খেয়ে ফেলেন। ময়মনসিংহে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরেকজন মারা গেছেন।’