আন্তর্জাতিক মানবাধিকার দিবসে কলাপাড়ায় নারী কৃষকদের মানববন্ধন

১০ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় নারী কৃষকরা মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। এই কর্মসূচি ‘কৃষিনীতি বাস্তবায়ন, কৃষিতে নারীর অধিকার ও বাস্তবতা এবং নারী কৃষকদের দাবি’ শিরোনামে অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ১১টায় নারী কৃষকদল চম্পাপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নের আয়োজনে এবং আভাস ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে ‘নারী কৃষকের অধিকার ও মানবাধিকার’ শিরোনামে লিখিত বক্তব্য পাঠ করেন নারী কৃষক চন্দ্রিকা রায় তমা ও মাসুমা। এ ছাড়া সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু ও মিলন কর্মকার রাজু আলোচনায় অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন আভাস সিএএসআর প্রজেক্টের কর্মকর্তা রুবি আক্তার, প্রকল্প সমন্বয়কারী তরিকুল ইসলাম, স্পন্সর কর্মকর্তা শরীফ মো. কবির এবং আনোয়ার হোসেন।

মানববন্ধন সংবাদ সম্মেলনে নারী কৃষকরা সরকারের প্রতি নিম্নলিখিত দাবি জানান-

কৃষি কাজে নারীদের স্বীকৃতি দেওয়া,

গ্রামীণ এলাকায় নারীদের জন্য যোগাযোগ ব্যবস্থা ও হাট-বাজার ব্যবস্থার উন্নয়ন,

সরকারি কৃষি মূল্য নির্ধারণ,

সরাসরি কৃষকদের কাছ থেকে কৃষি পণ্য ক্রয়,

নারী কৃষকদের প্রশিক্ষণ প্রদান,

নারী কৃষকদের সরকারি কৃষক তালিকাভুক্তি ও সকল প্রণোদনা প্রদান।