তেঁতুলিয়ায় তাবলিগ জামাতের পাকিস্তানি নাগরিকের মৃত্যু

১১ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তাবলিগ জামাতে এসে আব্দুল মান্নান (৫৩) নামের এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পুরাতন মসজিদে তিনি মারা যান। 

জানা গেছে, আব্দুল মান্নান পাকিস্তানের নওসেরা জেলার আদিল খাপনার ছেলে। 

পুলিশ ও তাবলিগের সাথিরা জানান, গত ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত তাবলীগ জামাতের কার্যক্রম পরিচালনার জন্য বাংলাবান্ধা পুরাতন জামে মসজিদে অবস্থান করছিলেন তিনি। বুধবার দিবাগত রাতে খাওয়া শেষে বুকে ব্যথা অনুভব করলে তাবলিগ জামাতের অন্যান্য সদস্য ও স্থানীয়রা আব্দুল মান্নানকে চিকিৎসার জন্য তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ শালবাহান রোড মাদ্রাসায় রাখা হলে পরবর্তীতে মরদেহ পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

তেঁতুলিয়ার তাবলিগের সাথি আব্দুল লতিফ জানান, রাতে শ্বাসকষ্ট অনুভবের পর তিনি মারা গেছেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ পাকিস্তানে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম তাবলিগ জামাতের পাকিস্তানি নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।