১২ ডিসেম্বর, ২০২৫
চণ্ডীগড়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৫১ রানে হারিয়ে সিরিজে ১-১ এ সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনায় অর্শদীপ সিংয়ের অনাকাঙ্ক্ষিত রেকর্ড। মাত্র এক ওভারেই ৭টি ওয়াইডসহ ১৩টি ডেলিভারি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সবচেয়ে বেশি বল করার রেকর্ডে ভাগ বসিয়েছেন এই বাঁহাতি পেসার। এতদিন রেকর্ডটি আফগানিস্তানের পেসার নাভিন-উল-হক একার দখলে ছিল।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৫৪ রান খরচা করে অর্শদীপ কোনো উইকেট নিতে পারেননি। ছক্কা হজম করেছেন ৫টি-যা ম্যাচে ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ। ১১তম ওভারে তার লাগাতার ওয়াইডে ডাগআউট থেকে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় কোচ গৌতম গম্ভীরকে।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম কোনো বোলার এক ওভারে ৭টি ওয়াইড দিলেন। এ ছাড়া এক ম্যাচে দলের মোট ওয়াইড দেওয়ার রেকর্ডও নতুন করে লিখেছে ভারত। দক্ষিণ আফ্রিকার ইনিংসে ভারতের বোলাররা দিয়েছেন ১৬টি ওয়াইড, যার অর্ধেকের বেশি এসেছে অর্শদীপের হাত থেকে। এটি টি-টোয়েন্টিতে ভারতের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ওয়াইড দেওয়ার নজির।
শুধু অর্শদীপ নন, ভারতের প্রধান পেসার যশপ্রীত বুমরাও ছিলেন ব্যর্থ। তিনি এক ম্যাচে ক্যারিয়ারসর্বোচ্চ ৪টি ছক্কা হজম করে ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেট শূন্য থাকেন।
আগামী ১৪ ডিসেম্বর ধর্মশালায় অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।