১৩ ডিসেম্বর, ২০২৫
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেছেন, দেশ আজ এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচনের মাঠে প্রতিযোগিতার বদলে ভয় ও সন্ত্রাসকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যারা জনগণের ভোটে আস্থা রাখে না, তারাই পরিকল্পিতভাবে প্রার্থী ও রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এরশাদ উল্লাহ ও শরীফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা প্রমাণ করে, দেশে এখনো গণতান্ত্রিক পরিবেশ নিরাপদ নয়।
শনিবার চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে চট্টগ্রাম মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশটি নগরীর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি নগরীর নূর আহমেদ সড়ক, লাভলেইন ও চেরাগী মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুস সাত্তার, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, সদস্য জয়নাল আবেদীন জিয়া, এস এম আবুল ফয়েজ, জাহাঙ্গীর আলম দুলাল, মোহাম্মদ সালাউদ্দিন, কামরুল ইসলাম, মাহবুব রানা, নুর হোসেন নুরু, মোহাম্মদ আজম ও মোহাম্মদ ইউসুফ।
এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, শ. ম. জামাল, নগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, তাঁতীদলের আহ্বায়ক সেলিম হাফেজসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ