১৩ ডিসেম্বর, ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও প্রথম বর্ষের চারুকলা অনুষদের ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে এবারের ভর্তি পরীক্ষা। শনিবার বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয় এ ভর্তি পরীক্ষা।
এবারের চারুকলা অনুষদের ৬০টি আসনের বিপরীতে মোট আবেদন করেন ১ হাজার ২৫১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ১ হাজার ৮ জন। যা মোট পরীক্ষার্থীর শতকরা উপস্থিতির হার ৮০ দশমিক ৫৮ শতাংশ।
শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে খোঁজ-খবর নিতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। এ সময় তিনি শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য সার্বিকভাবে দায়িত্বরত শিক্ষকদের নির্দেশনা দেন।
এছাড়া, এবার ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এর আগে, ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হয়। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়ে মোট ৭২ হাজার ৪৬৩টি; কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষায় আবেদন জমা পড়ে মোট ৭৯ হাজার ৭৯৬টি; ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষায় ২০ হাজার ৬৮৪ জন; সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ২৫ হাজার ৮২০ জন; চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষায় ১ হাজার ২৫১ জন আবেদন করেন। মোট আবেদন করেছেন ২ লাখ ১৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।