রোহিঙ্গা ক্যাম্পে নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ

১৪ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমান ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় ক্যাম্পে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসময় রোহিঙ্গা ক্যাম্পের ব্যবসায়ি শফিকুল ইসলামের দোকান থেকে ১৪ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। পরবর্তীতে এই রকম কার্যক্রম পরিচালনা করলে মামলার হুশিয়ার দেওয়া হয়। অভিযান শেষে জব্দকৃত নকল আকিজ বিড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মো. জসিম উদ্দিন জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু সিন্ডিকেট চক্র বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিক্রি করছে। এতে একদিকে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।