১৪ ডিসেম্বর, ২০২৫
শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষ্যে রাত ১২টা ১ মিনিটে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিভিন্ন সামাজিক রাজনৈতিক পেশাজীবী সংগঠন স্মৃৃৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে। এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা রবিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার।
তিনি বলেন, জাতির শ্রেষ্ঠসন্তান শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী, সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে হত্যা করে আজকের দিনে। তারা চেয়েছিল বাঙালি জাতিকে মেধাশূণ্য করতে। দেশ পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ বাধাগ্রস্থ হয় এটাই ছিলো পাকিস্তানিদের চক্রান্ত। জাতির শ্রেষ্ঠসন্তান সকল বুদ্ধিজীবীদের অবদান বাংলাদেশের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে চিরদিন।
বক্তৃতা করেন খুলনার পুলিশ সুপার মোঃ মাহবুব রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডল, কানিজ ফাতেমা লিজা, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধ মোহাম্মদ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আ.হ.ম রুহুল আমীন ও আহবায়ক খুলনা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ আবু জাফর।