১৪ ডিসেম্বর, ২০২৫
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি সামনে রেখে বগুড়ার ফুলের বাজারে এখন ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিতে আসবেন—এমন প্রত্যাশায় প্রস্তুত করা হচ্ছে বিপুল পরিমাণ ফুলের মালা ও তোড়া।
ব্যবসায়ীরা বলছেন, বিজয় দিবসকে ঘিরে বগুড়ার ফুলের বাজারে প্রায় অর্ধকোটি টাকার ফুল বিক্রি হতে পারে। ইতোমধ্যে সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও ব্যক্তির কাছ থেকে অগ্রিম অর্ডার পেয়েছেন তারা। নির্ধারিত সময়ের আগেই অর্ডার সরবরাহ দিতে দোকানে দোকানে চলছে মালা তৈরির ব্যস্ততা।
বগুড়া শহরের ফুল মার্কেটের ১৭টি দোকানে এবার বিজয় দিবসকে কেন্দ্র করে বড় ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গাঁদা, গোলাপ ও রজনীগন্ধাসহ নানা জাতের ফুল দিয়ে বিভিন্ন আকারের মালা তৈরি করা হচ্ছে। আকারভেদে এসব মালার দাম ৫০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ফুল ব্যবসায়ীরা জানান, প্রতি বছর বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে ফুলের চাহিদা বাড়ে। এ বছর ফুলের দাম কিছুটা বেশি হলেও চাহিদা কমেনি। অনেক দোকানেই লাখ টাকার বেশি ফুল আগেই সংগ্রহ করা হয়েছে।
ব্যবসায়ীদের বলেন, বিজয় দিবসের দিন সকাল থেকেই শহীদ মিনারমুখী মানুষের ঢল নামে। সে কারণে এখনই অর্ডার অনুযায়ী ফুল প্রস্তুত রাখতে হচ্ছে। সময়মতো সরবরাহ দিতে আমাদের দম ফেলার সুযোগ নেই।
সব মিলিয়ে মহান বিজয় দিবসকে সামনে রেখে বগুড়ার ফুলের বাজারে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, আর এই দিনে ভালো বিক্রির আশা করছেন ফুল ব্যবসায়ীরা।