১৪ ডিসেম্বর, ২০২৫
জার্মানিতে বড়দিনে কেনাকাটায় মার্কেটে জড়ো হওয়া মানুষের ওপর গাড়ি চালিয়ে হামলার পরিকল্পনার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জার্মানির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ব্যাভারিয়ার একটি বাজারকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার অভিযোগে শুক্রবার মরক্কোর তিনজন এবং মিসর ও সিরিয়ার একজন করে ব্যক্তিকে আটক করা হয়। তারা “ইসলামপন্থি উদ্দেশ্য” থেকে ওই হামলার পরিকল্পনা করেছিল বলে কর্তৃপক্ষ সন্দেহ করছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ৫৬ বছর বয়সী মিসরীয় ওই ব্যক্তি “যত বেশি সম্ভব মানুষকে হত্যা বা আহত করার উদ্দেশ্যে গাড়ি তুলে হামলার” আহ্বান জানিয়েছিল। প্রসিকিউটরদের দাবি, মরক্কোর ওই তিন নাগরিক হামলা চালাতে সম্মত ছিল।
পুলিশ জানায়, মরক্কোর নাগরিকদের বয়স ২২, ২৮ ও ৩০ বছর। তারা হত্যার পরিকল্পনায় সম্মত হওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে। আর ৩৭ বছর বয়সি সিরীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ, সে অন্যদের এই “হামলার সিদ্ধান্তে উৎসাহিত” করেছিল।
জার্মানিতে বড়দিনের বাজারগুলো বহু স্থানীয় ও পর্যটকের সমাগমে জমজমাট হয়ে ওঠে। এসব বাজার লক্ষ্য করে আগের একাধিক হামলার ঘটনায় দেশটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২০১৬ সালে বার্লিনে একটি বড়দিনের বাজারে ট্রাক তুলে দেওয়ার হামলায় ১২ জন এবং গত বছরের ডিসেম্বরে ম্যাগডেবার্গে একটি হামলায় ছয়জন নিহত হয়েছিলেন।
অভিযুক্তরা ঠিক কোন বাজারে কবে ওই হামলার পরিকল্পনা করেছিল, কর্তৃপক্ষ সে ব্যাপারে কোনও তথ্য দেয়নি। তবে তাদের ধারণা, মিউনিখের উত্তর-পূর্বে ডিংগলফিং-ল্যান্ডাউ এলাকায় অবস্থিত কোনও একটি বাজার ছিল মূল লক্ষ্য।
জার্মান সংবাদমাধ্যম বিল্ডের দাবি, অভিযুক্ত মিসরীয় ব্যক্তি ওই এলাকার একটি মসজিদের ইমাম।
শনিবার পাঁচ অভিযুক্তকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় এবং তারা সবাই বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।
ব্যাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইয়োয়াখিম হেরমান বিল্ডকে বলেন, আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর চমৎকার সহযোগিতার ফলে একটি সম্ভাব্য "ইসলামপন্থি" হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে।