১৬ ডিসেম্বর, ২০২৫
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার ভোরে খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার সংলগ্ন স্মৃতিসৌধে প্রথমে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও জেলা প্রশাসনের সঙ্গে মিলিত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, খাগড়াছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি দফতর, খাগড়াছড়ি জেলা বিএনপি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্রছাত্রীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে খাগড়াছড়ি পৌর শহর প্রদক্ষিণ করে এবং জিয়া ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে। পরে শোভাযাত্রাটি চেঙ্গী স্কোয়ারে পৌঁছে স্মৃতিসৌধে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এরপর খাগড়াছড়ি পৌর টাউন হলের মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। এছাড়াও জেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, হাসপাতাল, এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে বিশেষ খাবার বিতরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিজয় দিবস উদযাপনের মাধ্যমে খাগড়াছড়ির মানুষ মহান মুক্তিযুদ্ধের স্মৃতি এবং দেশপ্রেমের বার্তা নতুনভাবে উদযাপন করেছে।