সোনাদিয়ায় অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৪ লাখ টাকা

১৮ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারের মহেশখালী উপজেলার পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সোনাদিয়া চরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোনাদিয়া দ্বীপ একটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা। এই দ্বীপ ও এর আশপাশের এলাকা থেকে বালু উত্তোলন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অবৈধ বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। পরিবেশ সুরক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী চ্যানেল ও সোনাদিয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয় এবং ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জব্দ করা বালু সরকারি বিধি অনুযায়ী নিলামে বিক্রির জন্য উপজেলা প্রকৌশলীর দপ্তরে হস্তান্তর করা হয়েছে।