২০ ডিসেম্বর, ২০২৫
উত্তরায় ট্রাকের ধাক্কায় সোহান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হন নিহত সোহানের মা, বড় ভাই ও নানী।শনিবার সকাল সাড়ে ছয়টার টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন বিএনএস সেন্টারের বিপরীত পাশে ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত সোহান বাগেরহাট সদর উপজেলারপোলঘাট গ্রামের রনক হাসানের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। দুর্ঘটনায় নিহত সোহানের বড় ভাই রোহান (১৩), তার মা তহুরুননেসা (৪০) ও নানি আবেজান বেগম (৬৫) রাস্তায় সিটকে পড়ে গুরুতর আহত হয়।
সোহানের খালা রুনা জানান, গত সোমবার তার মা, বোন ও দুই ভাগিনা নিয়ে গ্রাম থেকে তুরাগ নয়ানগরে তার বাসায় বেড়াতে আসেন। শনিবার সকালে গ্রামের বাড়ি ফেরার জন্য বের হয়েছিলেন। উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি ট্রাক ও বাস পাল্লাপাল্লি করে যাওয়ার সময় ট্রাকটি তাদের উপর উঠিয়ে দেয়। এতে ৪ জনই গুরুতর আহত হন।
পরে স্বজনরা খবর পেয়ে তাদের প্রথমে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পঙ্গু হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে সোহান ও তার মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে সোহানকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শিশুটির মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি উত্তরা পূর্ব থানায় থানায় অবগত করা হয়েছে।