২০ ডিসেম্বর, ২০২৫
কুষ্টিয়ার কুমারখালীতে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের মূলহোতা রুবেল হোসেনসহ তার চার সহযোগিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে রাজবাড়ী, কুমারখালী, কুষ্টিয়া শহরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের রুবেল হোসেন(২৮), দয়রামপুর গ্রামের আবু বক্কারের ছেলে আমিরুল ব্যাপারী(৫০), যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের সুরুজ শেখের ছেলে বকুল হোসেন(২২), সদর উপজেলার আড়ুয়াপাড়া এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে মো.হেলাল (৩৭) ও চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার জয়রামপুর এলাকার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে ফরিদ হোসেন (৪৫)।
পুলিশ জানায়, চোর চক্রের মূলহোতা রুবেল হোসেন কুষ্টিয়ার সদর উপজেলার চাঁদাগাড়ায় ইজিবাইক চালক জুবায়ের আহমেদ হেলালের বাড়িতে ভাড়া থাকতেন। গত ১৭ ডিসেম্বর বিকেলে হেলালের ইজিবাইকে চড়ে রুবেল ও তার সহযোগীরা কুমারখালীর ছেঁউরিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারে যান। ওই সময় রুবেল এক বোতল জুস কিনে চালক হেলালকে দেন। তিনি জুস খাওয়ার পর অজ্ঞান হয়ে গেলে চক্রটি ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় রুবেলকে আসামি করে কুমারখালী থানায় মামলা করেন হেলাল। ওই রাতেই অভিযান চালিয়ে মূলহোতা রুবেলকে তার শ্বশুর বাড়ি রাজবাড়ীর পাংশার নওয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্যমতে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে অন্য আসামিদের গ্রেফতার করা হয়।
কুমারখালী থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিকাশ চন্দ্র বিশ্বাস বলেন, অভিযান চালিয়ে রুবেলসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে