২২ ডিসেম্বর, ২০২৫
ভারতের ছত্তিশগড়ের এক যুবককে বাংলাদেশি ভেবে কেরালায় পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ছত্তিশগড় থেকে সেখানে অভিবাসী হিসেবে কাজ করতে গিয়েছিলেন। ৩১ বছর বয়সী ওই যুবকের নাম রামনারায়ণ বাঘেল।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ১৭ ডিসেম্বর কেরালাম আত্তাপাল্লাতম থানা এলাকায় এ ঘটনা ঘটে।
খবরে বলা হয়, চুরির সন্দেহে তাকে প্রথমে আটক করা হয়। এরপর বাংলাদেশি আখ্যা দিয়ে নির্মমভাবে এই যুবককে পিটিয়ে হত্যা করা হয়। তার কাছ থেকে চুরির কোনো জিনিসপত্রও পাওয়া যায়নি। ওই ঘটনার একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এতে দেখা গেছে তাকে মব সন্ত্রাসীরা নির্মমভাবে পেটাচ্ছে। ভিডিওতে বারবার তাকে বাংলাদেশি হিসেবে অভিহিত করা হয়। তাকে ওই সন্ত্রাসীরা জিজ্ঞেস করছিল গ্রামের বাড়ি কোথায়। কিন্তু রামনারায়ণ উত্তর দেওয়ার আগেই তাকে বাংলাদেশি হিসেবে অভিহিত করে পেটাতে থাকে তারা।
ময়নাতদন্তে রামনারায়ণের দেহে ৮০টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মাথায় গুরুতর জখম ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।