বিএনপিতে যোগদানের মাত্র একদিন পর সাবেক ছাত্রলীগ নেতা আটক

২৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপিতে যোগদানের মাত্র একদিন পর সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহীন মিয়াকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজার থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

পরে তাকে কুমিল্লা জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) শামসুল আলম।

আটক মো. শাহীন কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের মৃত মো. শহীদ মিয়ার ছেলে এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। রাজনৈতিকভাবে তিনি দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

জানা গেছে, মামলা ও পুলিশের হয়রানি থেকে মুক্তি পেতেই গত রবিবার সন্ধ্যায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে প্রায় ২০০ নেতাকর্মীসহ বিএনপিতে যোগদান করেন সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহীন।

এ সময় ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ও তার ছেলে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি ফুলের মালা পরিয়ে তাকে দলে বরণ করে নেন।

যোগদানের পরপরই দেবিদ্বার পৌর এলাকায় বিএনপি ও ধানের শীষের পক্ষে একটি মিছিলে অংশ নিতে দেখা যায় মো. শাহীনকে।

এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) শামসুল আলম কালের কণ্ঠকে বলেন, দেবিদ্বার বড়শালঘর থেকে মো. শাহীন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।