২৩ ডিসেম্বর, ২০২৫
খাগড়াছড়ির সীমান্তবর্তী দুর্গম লোগাং ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা, আর্থিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি সদর সেনা জোনের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের সহযোগিতায় পানছড়ি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে খেলার সামগ্রী বিতরণ, নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন প্রদান এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পানছড়ি সাবজোনের অধিনায়ক মেজর মো. জায়েদ-উর-রহমান অয়ন, জেলা পরিষদ সদস্য আব্দুল লতিফ, মাহাবুব আলম, জয়া ত্রিপুরা ও নিটোল মনি চাকমা।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে দুর্গম পাহাড়ি এলাকা থেকে আগত দুস্থ ও অসহায় রোগীদের মেডিসিন, গাইনী, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন বিভাগে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এছাড়াও খাগড়াছড়ি সদর জোনের পক্ষ থেকে ডাকসুর সদস্য হেমা চাকমার পিতা ও সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা এবং চেঙ্গী ইউনিয়নের বুদ্ধরাম পাড়ার অনুপম চাকমাকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
এ সময় জেলা পরিষদের সহযোগিতায় শীতবস্ত্র (কম্বল), সেলাই মেশিন, বিভিন্ন বিদ্যালয়ে খেলার সামগ্রী এবং গৃহনির্মাণ সামগ্রী (টিন) বিতরণ করা হয়।