২৪ ডিসেম্বর, ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার্স সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭-এ ১৮ টি পদের মধ্যে সব পদেই জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। অন্যদিকে ভরাডুবি হয়েছে জামায়াত সমর্থিত প্যানেলের।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ও মনোবিজ্ঞান বিভাগের উপ-পরিচালক (হিসাব) মোঃ আনোয়ারুল ইসলাম (আনারুল) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (অর্থ ও হিসাব দপ্তর) মোঃ রিয়াজ উদ্দিন।
সভাপতি পদে মোঃ আনোয়ারুল ইসলাম ভোট পেয়েছেন ৪৪৯টি। অন্যদিকে তার নিকটতম জামায়াত সমর্থিত প্রার্থী মোঃ মাসুদ রানা পেয়েছেন ২৪৮টি ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত মোঃ রিয়াজ উদ্দিন পেয়েছেন ৫০৭ ভোট। তার নিকটতম জামায়াত সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী মামুন রানা পেয়েছেন ১৮৬ টি ভোট। পাশাপাশি সহ-সভাপতি পদে মোঃ রোকনুজ্জামান মামুন ৫১৬ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ আল-আমিন বিদ্যুৎ ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও বিএনপিপন্থী প্যানেল থেকে বিজয়ী অন্যান্য সম্পাদকমন্ডলী হলেন, যুগ্ম-সম্পাদক মো.মনোয়ার হোসেন উৎপল; দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব; প্রচার সম্পাদক মো.আব্দুল মানিক; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো.আলমগীর হোসেন শামীম; সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোঃ মজিবুর রহমান; সাংগঠনিক সম্পাদক মো.ফরমান আলী।
নির্বাচিত সদস্যরা হলেন, মোঃ আলী রেজা, মোঃ আব্দুল মতিন, মোছাঃ রোকসানা বেগম টুকটুকি, মোঃ মাইনুল ইসলাম দুলাল, মোঃ বোরহান উদ্দিন, মোঃ শহিদুল ইসলাম, ড. মোছা. হাবিবা হায়দার লিচু, মোঃ নাসির উদ্দীন।