২৪ ডিসেম্বর, ২০২৫
মড়ার ওপর খাঁড়ার ঘা, ইংল্যান্ডের হতাশাজনক অ্যাশেজ সফরে বোধহয় এর চেয়ে ভালো উপমা আর হয় না। সিরিজে অল্প কয়েকজন উজ্জ্বল পারফরমারের একজন জফ্রা আর্চারও শেষ পর্যন্ত ছিটকে গেলেন চোটে। সাইড স্ট্রেইনের কারণে অ্যাশেজের বাকি দুই টেস্টে আর খেলা হচ্ছে না এই পেসারের। একই সঙ্গে বাজে ফর্মের খেসারত দিয়ে একাদশ থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান অলিভার পোপ।
২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে আর্চারের জায়গায় একাদশে ফিরছেন গাস অ্যাটকিনসন। আর পোপের বদলে সুযোগ পাচ্ছেন তরুণ অলরাউন্ডার জেকব বেথেল।
অ্যাডিলেইড টেস্টে ইংল্যান্ড হারলেও বল হাতে প্রথম ইনিংসে পাঁচ উইকেট ও দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নেন আর্চার। ব্যাট হাতেও করেন গুরুত্বপূর্ণ ফিফটি। তবে ম্যাচ চলাকালীনই হাঁটু ও পাঁজরের পাশের ব্যথায় ভুগতে থাকেন তিনি। মেলবোর্নে স্ক্যানের পর ধরা পড়ে সাইড স্ট্রেইন, যা তাকে সিরিজের বাইরে ছিটকে দেয়। ৩০ বছর বয়সী এই পেসার আগামী সপ্তাহে দেশে ফিরবেন। ইংল্যান্ডের ম্যানেজমেন্টের আশা, ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে পাওয়া যাবে।
চার বছর পর গত জুলাইয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন আর্চার। প্রত্যাবর্তনের পর এই সিরিজেই ছিলেন ইংল্যান্ডের সবচেয়ে ধারাবাহিক বোলারদের একজন। কিন্তু চোটের সঙ্গে তার লড়াই যেন শেষই হচ্ছে না।
অন্যদিকে, অলিভার পোপের বাদ পড়া ছিল অনেকটাই অনুমিত। সিরিজের প্রথম টেস্টে ৪৬ ও ৩৩ রান করলেও পরের দুই টেস্টে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। ছয় ইনিংসে তার মোট রান ১২৫, গড় মাত্র ২০.৮৩। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ ইনিংসে এখনো কোনো ফিফটি নেই পোপের।
এর আগেও অস্ট্রেলিয়া সফরে সিরিজের মাঝপথে একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। এক সময় দলের সহ-অধিনায়ক থাকা এই ব্যাটসম্যানকে অ্যাশেজের আগে সেই দায়িত্ব থেকেও সরানো হয়। ৬৪ টেস্ট খেলা ২৭ বছর বয়সী পোপের ব্যাটিং টেকনিক ও শীর্ষ মানের বোলিংয়ের বিপক্ষে সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলে আসছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকেরা। তার টেস্ট ক্যারিয়ার এখন বড় অনিশ্চয়তার মুখে।
তার বদলে সুযোগ পাওয়া জেকব বেথেলকে ইংল্যান্ড ক্রিকেটের অন্যতম বড় প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে। ২২ বছর বয়সী এই অলরাউন্ডার চার টেস্টে তিনটি ফিফটি করেছেন এবং বাঁহাতি স্পিনে নিয়েছেন তিন উইকেট। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে এখনো কোনো সেঞ্চুরি নেই তার, তবু সাদা বলের ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন তিনি।
এই টেস্টেও একাদশের বাইরে রাখা হয়েছে মূল স্পিনার শোয়েব বাশিরকে। স্পিনের দায়িত্ব সামলাবেন ব্যাটিং অলরাউন্ডার উইল জ্যাকস। মদ্যপ অবস্থার ভিডিও ভাইরাল হওয়া সত্ত্বেও ওপেনার বেন ডাকেট জায়গা ধরে রেখেছেন একাদশে।
তিন টেস্ট শেষে ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের সামনে এখন একটাই লক্ষ্য অ্যাশেজে হোয়াইটওয়াশ এড়ানো।