২৪ ডিসেম্বর, ২০২৫
ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কার জব্দ করতে এবার বিশেষ টিম নামাচ্ছে মার্কিন কোস্ট গার্ড। সমুদ্রসীমায় নিষেধাজ্ঞা অমান্যকারী তেলের ট্যাঙ্কারকে ধাওয়া করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বেলা ওয়ান নামের ভেনেজুয়েলার একটি জাহাজকে গত রবিবার থেকে ধাওয়া করা হচ্ছে। কিন্তু জাহাজটি মার্কিন কোস্টগার্ডের নির্দেশ অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় পরিস্থিতি এখন উত্তপ্ত।
মার্কিন কর্মকর্তাদের মতে, এই ধরনের প্রতিকূল পরিস্থিতিতে জাহাজ জব্দ করার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ‘মেরিটাইম সিকিউরিটি রেসপন্স টিম’-এর প্রয়োজন হয়। যারা সাধারণত হেলিকপ্টার থেকে দড়ির সাহায্যে নিচে নেমে জাহাজের নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে এ ধরনের বিশেষ ইউনিটের সদস্যরা অন্য একটি অভিযানে নিয়োজিত থাকায় বেলা ওয়ান জাহাজটি জব্দ করতে কিছুটা বিলম্ব হচ্ছে।
এর আগে চলতি মাসের শুরুতেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াতে দেশটিতে আসা-যাওয়া করা সব নিষিদ্ধ তেলের ট্যাঙ্কারের ওপর অবরোধ আরোপের নির্দেশ দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেই নির্দেশনার পর এটি হবে মার্কিন কোস্টগার্ডের তৃতীয় বড় ধরনের অভিযান।
এদিকে এই অভিযানটি মার্কিন কোস্টগার্ডের জনবল ও সরঞ্জামের সীমাবদ্ধতাকেও সামনে নিয়ে এসেছে। যদিও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং বিমানবাহী রণতরী ওই অঞ্চলে অবস্থান করছে কিন্তু আইনগতভাবে সমুদ্রপথে এ ধরনের তল্লাশি চালানোর প্রধান দায়িত্ব কোস্টগার্ডের।
সংস্থাটির প্রধান অ্যাডমিরাল কেভিন লুন্ডে সম্প্রতি সতর্ক করে বলেছিলেন, কয়েক দশকের অবহেলার কারণে কোস্টগার্ড বর্তমানে চরম প্রস্তুতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
যদিও নতুন বাজেটে সংস্থাটির জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে। তবে বর্তমান অভিযানে সেই সম্পদের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে।
বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত হেলিকপ্টার এবং বিশেষ বিমান পৌঁছানোর অপেক্ষায় রয়েছে মার্কিন বাহিনী। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, ভেনেজুয়েলার অবৈধ তেল পাচার চক্র রুখতে তারা এই ছায়া জাহাজের পিছু ছাড়বে না।