২৪ ডিসেম্বর, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ভোলা থেকে বিএনপির লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। বুধবার রাতে ১৩টি লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারা।
জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানান, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের নেতৃত্বে ভোলা সদর উপজেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। জেলার অন্য ৬ উপজেলা মিলিয়ে ভোলা জেলা থেকে প্রায় এক লাখের বেশি নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।
ঢাকায় যাওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দলীয় নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলও পৃথকভাবে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে।